
দেশীয় শিল্প খাতকে শক্তিশালী এবং নির্মাণসামগ্রীর উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই অংশ হিসেবে
আফগানিস্তানের হেরাত প্রদেশে ১৪ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগে একটি বৃহৎ সিমেন্ট উৎপাদন কারখানা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এটি দেশের শিল্প খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা আফগানিস্তানকে সিমেন্ট উৎপাদনে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে।
ইমারাতে ইসলামিয়ার পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান জানান, প্রকল্পটির জন্য একটি দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি প্রকল্প বাস্তবায়নে ১৪ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করবে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর সিমেন্ট উত্তোলন ও উৎপাদন কার্যক্রম শুরু হবে। উৎপাদন শুরু হলে এর দৈনিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় ৩ হাজার টন সিমেন্ট।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে হেরাতের জনগণ সিমেন্ট খাতের এই উন্নয়নের অপেক্ষায় ছিল। হেরাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে জিন্দাজান জেলায় অবস্থিত এই কারখানা আফগানিস্তানের অন্যতম বৃহৎ শিল্প উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে। হেরাতের এই সিমেন্ট কারখানা শুধু সিমেন্টের চাহিদা পূরণ করবে না, বরং আমদানিনির্ভরতা কমিয়ে দেশকে অর্থনৈতিক আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Construction of a Large Cement Production Factory in Herat Begins
– https://tinyurl.com/4xk7897b


