যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

0
8

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুই ক্রু সদস্য নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ৯ আগস্ট, রবিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের মাধ্যমে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি পরিচালিত হচ্ছিল। সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ মডেলের হেলিকপ্টারটি ওয়াইডমাউথ ২ দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছে আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল।

দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্ঘটনায় আরও দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

দাবানলের ভয়াবহ পরিস্থিতি এবং দুর্গম ও খাড়া ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে শনিবার হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাতের পর ওয়াইডমাউথ ২ দাবানলের সূত্রপাত হয়। পরে আগুন ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। কর্মকর্তাদের হিসাবে, এটি চলতি বছর উটাহর সবচেয়ে বড় দাবানলে পরিণত হওয়ার পথে রয়েছে।

চলতি গ্রীষ্মে উটাহতে এটি দাবানল-সংক্রান্ত দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় তিন দমকলকর্মী নিহত হয়। পরে আহত আরও একজন দমকলকর্মীর মৃত্যু হয়।


তথ্যসূত্র
1. Helicopter crash kills pilot and crew member amid Utah wildfire battle
– https://tinyurl.com/ywwamf5p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের উখিয়ায় দুই মাদরাসাছাত্রকে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি
পরবর্তী নিবন্ধমৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেলো সন্ত্রাসী বিএসএফ