
আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে আফগানিস্তানজুড়ে বিস্তৃত রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার এক বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ রুটে মোট ১ হাজার ৫৩৭ কিলোমিটার রেলপথের জরিপ ও নকশা প্রণয়নের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এসব রেলপথ নির্মিত হলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি বাণিজ্য ও পণ্য পরিবহন বাড়বে এবং আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে আফগানিস্তানের ভূমিকা আরও শক্তিশালী হবে।
আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, দেশের রেল যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি গুরুত্বপূর্ণ রুটে ১ হাজার ৫৩৭ কিলোমিটার রেলপথের জরিপ ও নকশার কাজ এগিয়ে চলছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস জানান, বর্তমানে তোরঘুন্দি–হেরাত, হেরাত–কান্দাহার, কান্দাহার–স্পিন বোলদাক, কাবুল–কান্দাহার এবং আন্দখোয়–শেবেরঘান রুটে এসব কাজ পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, এসব প্রকল্পের লক্ষ্য হলো দেশের রেল যোগাযোগ শক্তিশালী করা, পণ্য পরিবহন ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করা এবং আফগানিস্তানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিবহনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
বিশ্লেষকদের মতে, রেল যোগাযোগ সম্প্রসারিত হলে পণ্য পরিবহনের ব্যয় কমানো এবং বাণিজ্য বাড়ানোর সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক বিশ্লেষক হাসিবুল্লাহ মোহিবজাদা বলেন, বিশেষ করে রেলপথের মতো পরিবহন ব্যবস্থা উন্নত হলে অর্থনৈতিক বাজার সম্প্রসারণে সহায়তা করবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ শক্তিশালী করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং আঞ্চলিক বাজারে প্রবেশাধিকার আরও বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র
1. Afghanistan Surveys, Designs 1,537km of Railway Lines
– https://tinyurl.com/4dz69xwv


