দেরিতে ডোপ টেস্ট হওয়ায় রংপুরের চার খুনের আসামিদের শরীরে মেলেনি মাদক: ডিবি

0
0

রংপুরের চার খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ১০ দিন এবং গ্রেপ্তারের আট দিন পর তাদের নমুনা সংগ্রহ করায় মাদক শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (৩০ আগস্ট) ডোপ টেস্টের জন্য মুগ্ধ ও সিদ্ধার্থের নমুনা সংগ্রহ করা হয়।

ডোপ টেস্টের রিপোর্টের বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. রাশেদুল হকের ভাষ্যমতে, ‘এমফিটামিন (স্নায়ুতন্ত্র উত্তেজক বা স্টিমুলেন্ট ওষুধ যা ইয়াবা নামক মাদকে থাকে) অনেকদিন পর্যন্ত রক্তে বা মূত্রে থাকে না, প্রস্রাবে সাধারণত পাঁচ থেকে সাত দিন থাকে, এরপরে আর পাওয়া যায় না। যেহেতু এরা সাত দিনের বেশি সময় ধরে আটক অবস্থায় আছে, তাই মাদক গ্রহণ করতে পারে নাই। বিধায় এই টেস্টটা নেগেটিভ আসছে। এটা আসাটাই স্বাভাবিক, কারণ সাত দিনের বেশি হলে এটা প্রস্রাবের ভেতরে পাওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘উচিত ছিল আটকের পরপরই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা।’

এদিকে ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহে দেরি হওয়ার জন্য আদালতের অনুমতি নেওয়াসহ প্রক্রিয়াগত জটিলতার বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানায়, ‘গতকাল (৩০ আগস্ট) জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা পরীক্ষা করে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।’

সনাতন চক্রবর্তী জানায়, ‘প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমরা তাদের ডোপ টেস্ট করাব কিনা। এরপর আমরা আদালতে আবেদন করেছি। আদালত সেটা বিবেচনা করেছেন, এরপর আদালত আদেশ দিয়েছেন। সেই আদেশটি আমরা পেয়েছি বৃহস্পতিবার (২৭ আগস্ট)। এরপর দুই দিন ছুটি ছিল। তারপর প্রথম ওয়ার্কিং ডে তেই (৩০ আগস্ট) আমরা এটা (ডোপ টেস্ট) করেছি।’

ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আরও জানায়, ‘এত দিন পর প্রস্রাব পরীক্ষায় আগে সেবন করা মাদকের উপস্থিতি সাধারণত শনাক্ত হয় না। ফলে পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার অর্থ এই নয় যে, অভিযুক্তরা হত্যাকাণ্ডের আগে বা পরে মাদক সেবন করেননি।’


তথ্যসূত্র:
১। ‘ডোপ টেস্টের দেরিতে’ আসামিদের শরীরে মেলেনি মাদক
– https://tinyurl.com/b5xtv4fb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ভূজপুরে মন্দিরে ভক্ত সেজে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার