
আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ বৃদ্ধি করতে দীর্ঘদিন যাবত বহুমুখী প্রচেষ্টা চালিয়ে আসছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ধারাবাহিক সেই প্রচেষ্টার ফলস্বরূপ ইরানের কৌশলগত চাবাহার বন্দরে আফগানিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য ১১০ হেক্টরের বেশি জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থার আওতায় বন্দরের ভেতরে ১০ হেক্টর এবং মুক্ত বাণিজ্য অঞ্চলে প্রায় ১০০ হেক্টর জমি আফগান বিনিয়োগের জন্য বরাদ্দের বিষয়ে ইরানের সাথে প্রাথমিক সমঝোতা হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানের জন্য সমুদ্রপথে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে উন্মোচিত হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।
ইরানের সংসদের উৎপাদন সহায়তা ও ৪৪ নম্বর নীতি বাস্তবায়ন তদারকিবিষয়ক বিশেষ কমিশনের প্রধান মোহসেন জাঙ্গানেহ ৮ অক্টোবর, বৃহস্পতিবার দুই দেশের অর্থনৈতিক আলোচনার পর এ তথ্য জানান। তিনি বলেন, আফগানিস্তানের শিল্পমন্ত্রী চাবাহারের মুক্ত বাণিজ্য অঞ্চলে আফগানিস্তানের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন। সমঝোতা অনুযায়ী, নির্ধারিত এলাকায় আফগান বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং উন্মুক্ত সমুদ্রপথে দেশটির প্রবেশাধিকার সহজ হবে।
জাঙ্গানেহ জানান, আফগান কর্মকর্তারা বন্দরের ভেতরে আরও জমি বরাদ্দের অনুরোধ জানিয়েছিলেন। তবে উপকূলীয় এলাকায় জমির সীমাবদ্ধতার কারণে বিষয়টি পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে এবং আলোচনার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বৈঠকে দুই দেশের শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ শিল্পনগরী প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ হাজার কোটি ডলারে উন্নীত করার বিষয়েও আলোচনা হয়েছে।
ওমান উপসাগরের তীরে অবস্থিত চাবাহার বন্দর আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহন ও বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় পথ। প্রস্তাবিত জমি বরাদ্দ ও বিনিয়োগের সুযোগ বাস্তবায়িত হলে আফগান ব্যবসায়ীদের জন্য নতুন বাজারে প্রবেশ, শিল্প সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ জোরদারের পথ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Iran allocates over 110 hectares in Chabahar for Afghan economic activities
– https://tinyurl.com/yu6j3khs


