ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল থেকে নবজাতক চুরি, দিশেহারা মা

0
1

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

চুরি হওয়া নবজাতকের মা মরিয়মের বয়স ১৯ বছর। তার স্বামী শামীম বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এটি তাদের প্রথম সন্তান। মরিয়মের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চানপুর এলাকায়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে শামীমের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো গর্ভবতী হন মরিয়ম। গত ৪ অক্টোবর সকালে তার মা মমতাজ বেগম মেয়েকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরদিন সকালে চিকিৎসক ডা. ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে মরিয়মের সিজারিয়ান অপারেশন হয়। অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জন্মের পর মা ও নবজাতক দুজনই হাসপাতালে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারী অন্য এক রোগীর স্বজন পরিচয়ে মরিয়ম ও তার মায়ের সঙ্গে ভাব জমান। পরে মরিয়মের পেটে ব্যথা শুরু হলে সহযোগিতার কথা বলে শিশুটিকে নিজের কোলে নেয় এবং সুযোগ বুঝে পালিয়ে যায়।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম সন্তানের মুখ দেখেছিল পরিবারটি। কিন্তু সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার আগেই চুরির ঘটনায় ভেঙে পড়েছেন মরিয়ম ও তার স্বজনেরা। নবজাতক হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

কান্নাজড়িত কণ্ঠে মরিয়মের মা মমতাজ বেগম গণমাধ্যমকে বলেন, ‘মরিয়মকে ভুলভাল বুঝিয়ে আমার নাতিকে চুরি করে নিয়ে গেছে। বিয়ের চার বছর পর নাতির মুখ দেখেছি, কিন্তু নাতিকে ধরে রাখার ভাগ্য হলো না। আমার কী হবে, আমি বুঝতে পারছি না।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিন ভূইয়া গণমাধ্যমে জানায়, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।


তথ্যসূত্র:
১। বিয়ের ৪ বছর পর হলো প্রথম সন্তান, হাসপাতাল থেকে চুরি
– https://tinyurl.com/49e93hjk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরের চার খুনের ঘটনায় সিদ্ধার্থ-মুগদ্ধ‌ই জড়িত: পুলিশ
পরবর্তী নিবন্ধসাভারের আশুলিয়ায় এক দিনে ৩ নারী ও ১ পুরুষের লাশ উদ্ধার