দিনাজপুরে স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

0
11

দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্বর্ণা আক্তার (২৩) নামে এক নারী। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো স্বর্ণা আখতারের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।

গণমাধ্যম প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতের স্বামী শাকিল হোসেন পেশায় একজন ইজিবাইকচালক। সে বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সকালেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল বাড়ি থেকে বের হয়ে বাজারে চলে যায়।

পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যায় স্বর্ণা তার দুই সন্তানকে নিয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শাকিলের মা ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে কয়েকজন প্রতিবেশী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণা ও তার দুই সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নূর আমিন শাহ সাংবাদিকদের বলেন, ‘শাকিল আমার প্রতিবেশী। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।’

নূর আমিন আরও জানান, ‘ঘরের দেয়ালে কিছু কথা লেখা আছে। সেখানে লেখা, আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগী মা। (আমার সন্তানদের) নিজে মারছি। মা–বাবা সরি। আমি তোমাদের ভালোবাসি।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে ওই নারী দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ওসি জানান, এ ঘটনায় স্বামী শাকিল হোসেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
১। কক্ষের দেয়ালে লেখা, ‘আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা’
– https://tinyurl.com/5ys69vbw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ
পরবর্তী নিবন্ধপাঞ্জশিরে ৪ কোটি আফগানি ব্যয়ে ৪৫ কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া