
আফগানিস্তানে পানিসম্পদ উন্নয়ন, কৃষিতে সেচসুবিধা সম্প্রসারণ এবং বন্যা মোকাবিলায় গত পাঁচ বছরে ১৫০টি ক্ষুদ্র বাঁধ নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। দেশটির পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ আফগানি। এর মাধ্যমে ৭ হাজার ৩০৯ হেক্টর কৃষিজমিতে সেচের পানি সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষুদ্র বাঁধগুলো নির্মাণের প্রধান উদ্দেশ্য হলো কৃষিজমিতে সেচের পানি নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় পূরণ করা এবং আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি কমানো। এসব অবকাঠামো কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়ানোর পাশাপাশি পানিসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায়ও ভূমিকা রাখছে।
ক্ষুদ্র বাঁধ নির্মাণের পাশাপাশি ইমারাতে ইসলামিয়ার সরকার বড় বাঁধগুলোর নির্মাণ ও উন্নয়নকাজও এগিয়ে নিচ্ছে। এ ধরনের প্রকল্পের মধ্যে রয়েছে শাহ ও আরুস, ওমারি, বাশদান, কামাল খান ও বখশ আবাদ বাঁধ। এসব প্রকল্পের মাধ্যমে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা আরও উন্নত করা এবং কৃষি ও অন্যান্য প্রয়োজনীয় খাতে পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঁচ বছরে ১৫০টি ক্ষুদ্র বাঁধ নির্মাণ এবং বৃহৎ বাঁধগুলোর উন্নয়ন আফগানিস্তানের কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে। এসব বাঁধের মাধ্যমে সেচের পানি আরও সহজলভ্য হলে অনাবাদি জমি চাষের আওতায় আনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবিকা উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত পুনরুদ্ধার ও বন্যার ক্ষয়ক্ষতি কমানোর মাধ্যমে দীর্ঘমেয়াদে কৃষির স্থিতিশীলতা জোরদার করা সম্ভব হবে। ফলে ইমারাতে ইসলামিয়ার এ উদ্যোগ দেশটির কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা এবং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তথ্যসূত্র
1. 150 Small Dams in Afghanistan Over the Past Five Years
– https://tinyurl.com/3bpdh3v6


