কুমিল্লায় ১০ মাসে ১১০ খুন, আতঙ্কিত এলাকাবাসী

0
3

খুনাখুনির জনপদে পরিণত হয়েছে কুমিল্লা। এ জেলায় গত ১০ মাসে ১১০টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ছিনতাইকারীদের হাতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী, কিশোর গ্যাংয়ের হাতে অপ্রতিম, সিএনজি চালকের হাতে কিশোরী হত্যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সর্বশেষ যুবদল নেতা মো. আবু কাউছার হত্যাকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

আতঙ্কিত বাসিন্দাদের প্রশ্ন-বুলেট বৈরাগী, অপ্রতিম, কাউছারের পর এবার কার পালা? একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে শান্ত নগরী হিসাবে পরিচিত কুমিল্লা রীতিমতো আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত কুমিল্লা জেলায় ১১০টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১৪টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ১১টি, এপ্রিলে ১০টি, মে মাসে ১৭টি, জুনে ১০টি, জুলাইয়ে ১০টি, আগস্টে ১১টি ও সেপ্টেম্বরে ৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া চলতি মাসে অন্তত ছয়টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে।

চলতি বছরের ২৫ এপ্রিল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী আইরিশ হিল হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গভীর রাতে গাড়িতে ঘুমিয়ে পড়ায় নির্ধারিত স্টপেজে নামতে না পেরে ঝাগুরঝুলি বিশ্বরোডে নামেন তিনি। সেখানে ছিনতাইকারীচক্রের কবলে পড়ে অটোরিকশায় নির্মম নির্যাতনের শিকার হন এবং চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়।

এরপর আলোচনায় আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ড। ১৭ সেপ্টেম্বর নিখোঁজ হয় সে। পরদিন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইফোন ছিনিয়ে নিতেই কিশোর গ্যাং চক্রের সদস্যরা তাকে হত্যা করে।

এরপর লালমাইয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। ৭ অক্টোবর সে কক্সবাজার থেকে কুমিল্লা শহরে নেমে বাসায় যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। ৮ অক্টোবর লালমাইয়ের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে সেই অটোরিকশাচালক সুমন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, সে ওই কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।

সর্বশেষ শুক্রবার কুমিল্লা শহরতলীর ছত্রখিল এলাকায় যুবদল নেতা আবু কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।


তথ্যসূত্র:
১। খুনের জনপদ কুমিল্লা
– https://tinyurl.com/43kz4s9y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || কাবুলের বাজারে ডালিম, আপেল ও আঙুরের সমারোহ
পরবর্তী নিবন্ধদেশে ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত ৬৪৭৩