গাজায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এক নারীসহ অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ১১ জন। ৫ নভেম্বর, বৃহস্পতিবার গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। চিকিৎসা ও স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির পশ্চিমে আল-শাতি শরণার্থীশিবিরে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি শহীদ এবং দুজন আহত হন। মধ্য গাজার আল-জাওয়াইদা পৌরসভার কাছে পৃথক ড্রোন হামলায় আরও একজন শহীদ হন। আল-আকসা শহীদ হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানায়, নিহত ওই ব্যক্তির নাম আবদুর রহিম ওয়ালিদ মাতার।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে আরও একজন গুরুতর আহত হন।
দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় নিজের তাঁবুর ভেতরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৪ বছর বয়সী নূরা সুলাইমান মুহাম্মদ শেখ আল-ঈদ শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসার জন্য মিসরে যাওয়া স্বামী ও মেয়েকে বিদায় জানাতে আল-আমাল হাসপাতাল থেকে ফিরে তিনি তাঁবুতে অবস্থান করছিলেন। পরে নাসের হাসপাতালে তার মরদেহ নেওয়া হয়।
এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের আল-ইশরিন সড়কে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন আহত হন।
এ ছাড়া ইসরায়েলি নৌযান থেকে গাজা সিটির উপকূল লক্ষ্য করে মেশিনগান ও গোলাবর্ষণ করা হয়। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর ও পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণে এক নারীসহ আরও দুজন আহত হন। একই সময়ে খান ইউনিসের পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বাড়িঘর ও বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০২ ফিলিস্তিনি শহীদ এবং ৫ হাজার ৭৯৯ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া এসব হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র :
1. Israeli attacks kill 4 Palestinians, wound 11 others across Gaza
– https://tinyurl.com/95nx3753


