
নিজস্ব খনিজসম্পদ আহরণ ও ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আফগানিস্তান। দেশটির কুন্দুজ, তাখার ও খোস্ত প্রদেশের চারটি স্বর্ণখনি উত্তোলনের জন্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার এবং ৮০ কোটি ২০ লাখ আফগানির চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়ার খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তিগুলোর মেয়াদ ৫ থেকে ১০ বছর এবং এতে সরকারের অংশীদারত্ব ও রয়্যালটির হার ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত নির্ধারিত হয়েছে।
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের কালা-ই-জাল জেলায় ২ কোটি ২৪ লাখ ডলার বিনিয়োগে ৫ বছর মেয়াদি চুক্তিতে অংশ নিয়েছে সুবহান মোমান্দ কোম্পানি ও আজারবাইজানের রিফ গ্রুপ এলএলসি (রয়্যালটি ৩০%)। অন্যদিকে তাখারের শুল দারা ও ওয়ারচির দুটি পলিমাটি-সমৃদ্ধ খনি ১০ বছরের জন্য ইজারা পেয়েছে আবদুল বাসির মোহাম্মাদি আফগান মাইনিং কোম্পানি (রয়্যালটি ৪০%)। এই দুই প্রকল্পে প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এদিকে, খোস্ত প্রদেশের শামাল জেলার সুরকানি স্বর্ণখনিতে ৮০ কোটি ২৪ লাখ ৭৬ হাজার আফগানি বিনিয়োগ করছে জাভেদ খান নিয়াজি মাইনিং কোম্পানি। ৫ বছর মেয়াদি এ প্রকল্পে সরকারের অংশীদারত্ব রয়েছে ৬০ শতাংশ।
খনি ও পেট্রোলিয়ামমন্ত্রী মৌলভী হেদায়াতুল্লাহ বাদরি জানিয়েছেন, পরিকল্পিতভাবে এসব সম্পদ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ করা হলে দেশের আমদানিনির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি আয় বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র :
1. The Ministry of Mines and Petroleum announces the signing of extraction
– https://tinyurl.com/5xftwmzp

