
আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন যোগাযোগ উন্নয়ন ও যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে আফগানিস্তানকে ঘিরে। দেশটির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মধ্য এশিয়ার চার দেশ। এ লক্ষ্যে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধিদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বরের এ বৈঠকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পরিবহনব্যবস্থা উন্নয়ন, পণ্য সরবরাহ সহজ করা এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করে আফগানিস্তানকে মধ্য এশিয়ার বৃহত্তর বাণিজ্যিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানবিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারেও পারস্পরিক সমন্বয়ের বিষয়ে গুরুত্ব দেন প্রতিনিধিরা।
বৈঠকে এসব ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন অংশগ্রহণকারীরা।
মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও পরিবহন সম্পর্ক আরও গভীর হলে আফগানিস্তানের জন্য নতুন বাজার, বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র :
1. Central Asian countries stress engagement with Afghanistan, expanded cooperation
– https://tinyurl.com/yyhwc5at


