মহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ৩০ লক্ষাধিক মুসলিম ভোটারের নাম, সবচেয়ে বেশি বাদ দেয়া হয়েছে ‘শেখ’ পদবিধারীদের

0
11

ভারতের মহারাষ্ট্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় সবচেয়ে বেশি বাদ পড়েছে ‘শেখ’ পদবিধারী তথা ‘শেখ’ বংশের মুসলিমদের নাম। এ পদবিধারী ৭ লাখ ৫৩ হাজার ৯৭৮ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে ৩০ লাখ ২০ হাজার ১৭৩ জন মুসলিম ভোটার বাদ পড়েছে। যা রাজ্যে মোট বাদ পড়া ২ কোটি ৬ লাখ ৮০ হাজার ভোটারের ১৪ দশমিক ৬ শতাংশ ।

কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাবার ইন্সটিটিউটের এক প্রাথমিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

আদমশুমারি অনুযায়ী, মহারাষ্ট্রের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের আনুমানিক হার ১২ দশমিক ১ শতাংশ। এই হিসেবে ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে মুসলিম ভোটারের হার রাজ্যের জনসংখ্যায় মুসলিমদের আনুমানিক হারের চেয়েও বেশি।

প্রতিবেদনে মুম্বাইয়ের চিত্র আরও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বাদ পড়া ভোটারদের ২১ দশমিক ৩ শতাংশ মুসলিম। মহারাষ্ট্রের বাকি অংশে এই হার ১৩ দশমিক ২ শতাংশ।

পদবি অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ পড়েছেন ‘শেখ’ বংশের মুসলিমরা। এরপর রয়েছেন ‘পাটিল’ পদবিধারী ৪ লাখ ৮৩ হাজার ৫২৬ জন, ‘খান’ পদবিধারী ৩ লাখ ৬৮ হাজার ৬৪৯ জন, ‘যাদব’ পদবিধারী ৩ লাখ ৩৯ হাজার ৭৯৬ জন এবং ‘পাওয়ার’ পদবিধারী ২ লাখ ৭৪ হাজার ৬০৭ জন।

বাদ পড়া শেখ পদবিধারীদের প্রায় ৩০ শতাংশ মুম্বাইয়ের বাসিন্দা। তাদের ৪৭ শতাংশ নারী। মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রেই এই পদবিধারীদের নাম বাদ পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাদ পড়া মোট ভোটারদের কেবল ১৬ দশমিক ৮ শতাংশের নাম মৃত্যুর কারণে বাদ দেওয়া হয়েছে। বাকি প্রায় ১ কোটি ৭২ লাখ ভোটারকে স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, অনুপস্থিত বা খুঁজে না পাওয়া এবং অন্য জায়গায় আগে থেকেই নিবন্ধিত থাকার মতো কারণে দেখানো হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/43kkfu23

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বাগলানে ৬ কোটি ৯৪ লাখ টন কয়লা উত্তোলনের উদ্যোগ, বিদ্যুৎ উৎপাদন ও ৩ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা
পরবর্তী নিবন্ধজীবিত ব্যক্তিকে সরকারি নথিতে মৃত দেখিয়ে নিষ্ক্রিয় আধার কার্ড, পুনরায় সক্রিয় করতে ভোগান্তিতে পশ্চিমবঙ্গের এক মুসলিম