
ভারতে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দেওয়ানগরের বাসিন্দা শেখ পিয়ার আলি। সরকারি নথিতে তাকে মৃত দেখানো হয়েছে। এ কারণে তার আধার কার্ড (পরিচয়পত্র) নিষ্ক্রিয় হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে জরুরি পরিষেবা পেতে তিনি নানা ভোগান্তিতে পড়েছেন।
সম্প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করতে গিয়ে সমস্যাটি প্রথম জানতে পারেন পিয়ার আলি। বুকিং সম্পন্ন না হওয়ায় তিনি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে যান। সেখানে তাকে জানানো হয়, আধার কার্ডের তথ্যসংক্রান্ত সমস্যার কারণে বুকিং নেওয়া যাচ্ছে না।
পরে বিষয়টি জানতে তিনি মেদিনীপুর প্রধান ডাকঘরে যান। পরিবারের দাবি, সেখানে আধার কেন্দ্রে কর্মীরা তাকে জানায়, সরকারি নথিতে মৃত দেখানোর কারণে তার আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।
পিয়ার আলি বলেন, ‘হঠাৎ আমার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। এর ফলে নানা সমস্যায় পড়েছি। কার্ডটি আবার চালু করতে এখন বিভিন্ন দপ্তরে ছুটতে হচ্ছে।’
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন পিয়ার আলির মেয়ে আফরিন জাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, তার বাবা জীবিত ও সুস্থ থাকা সত্ত্বেও সরকারি নথিতে তাকে মৃত দেখানো হলো কীভাবে।
আফরিন লেখেন, ‘আমার বাবা জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। অথচ তার আধার কার্ডে তাকে মৃত দেখানো হচ্ছে। এ কারণেই কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে।’ আফরিন আরও লেখেন, ‘একজন জীবিত মানুষকে সরকারি নথিতে মৃত দেখানো হচ্ছে! নিজের অস্তিত্ব প্রমাণ করতে এখন কি তাকে প্রশাসনের এক দরজা থেকে অন্য দরজায় ঘুরতে হবে?’
সরকারি নথিতে এই ভুল তথ্য কে যুক্ত করেছে এবং কোন কর্তৃপক্ষ তা সংশোধন করতে পারবে, সে প্রশ্নও তুলেছেন তিনি। তার দাবি, আধার কেন্দ্রে একাধিকবার গিয়েও পরিবারটি কার্যকর কোনো সমাধান পায়নি।
বিষয়টি তদন্ত করে দ্রুত তার বাবার আধার পরিষেবা চালু করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন আফরিন। তিনি বলেন, ডিজিটাল পরিচয়পত্রের ব্যবস্থা মানুষের সরকারি পরিষেবা পাওয়া সহজ করার কথা। অথচ নিজের পরিচয় প্রমাণ করতে নাগরিকদের বারবার সরকারি দপ্তরে যেতে হচ্ছে।
জীবিত ব্যক্তিকে ভুল করে মৃত দেখানো হলে আধার কার্ডের তথ্য কীভাবে সংশোধন করতে হবে, সে বিষয়েও প্রশাসনের কাছে স্পষ্ট নির্দেশনা চেয়েছে পরিবারটি।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2743k94a


