
ভারতের দিল্লিতে প্রসিদ্ধ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এর সাথে সম্পৃক্ত একটি অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে অংশ নেয় একদল শিক্ষার্থী।
আরএসএস এর শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘যুব কুম্ভ’ ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। ২৮ এপ্রিল উক্ত সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়ে সাধারণ শিক্ষার্থীসহ বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরা একত্রিত হয়েছে। ‘জামিয়ায় আরএসএস এর কোনও স্থান নেই’ স্লোগানে শিক্ষার্থীগণ ব্যাপকভাবে প্রতিবাদ গড়ে তুলেছে।
আরএসএস এর অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের জন্য ‘উস্কানিমূলক’ এবং ‘অনুপযুক্ত’ বলে বর্ণনা করেছে বিক্ষোভকারীগণ। তারা অবিলম্বে এই অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।
শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে আরএসএসের শতবর্ষ উদযাপন করা সরাসরি উস্কানি এবং সংখ্যালঘু মুসলিম শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তীব্র প্রতিবাদ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত নীরবতা বজায় রেখেছে এবং এই সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি।
অপরদিকে প্রতিবাদ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4kv8k5a7


