
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ভূ-কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ওয়াখান সড়ক প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলায় আফগানিস্তান এখন চীনের সঙ্গে সরাসরি স্থলপথে যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে।
অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াখান সড়কের প্রথম ধাপের ৬০ শতাংশ এবং দ্বিতীয় ধাপের ৭৪ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের সড়কটির দৈর্ঘ্য ৭০ কিলোমিটারের বেশি এবং দ্বিতীয় ধাপের দৈর্ঘ্য ৫০ কিলোমিটারের বেশি। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ উভয় অংশের কাজ সম্পন্ন হবে। প্রায় ৩২৩ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত এই সড়কের সম্পূর্ণ বাজেট দেশের অভ্যন্তরীণ তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই গুরুত্বপূর্ণ পথটি সম্পন্ন হলে বিনিয়োগের সুযোগ বাড়বে এবং স্থানীয় পণ্যের রপ্তানি চ্যানেল প্রসারিত হবে। তারা আরও মন্তব্য করেছেন, ওয়াখান সড়ক আফগানিস্তান ও সমগ্র অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।
উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এই প্রেক্ষাপটে ওয়াখান সড়ক আফগানিস্তানের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশেষ করে পাকিস্তানের ওপর ট্রানজিট নির্ভরতা কমানো ও মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্যের পথ তৈরি হওয়ায় এর ভূ-কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
তথ্যসূত্র
1. Afghanistan inches closer to land connection with China
– https://tinyurl.com/3dzd4c8v


