
আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে সামরিক যোগাযোগ প্রযুক্তিতে উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনীর ৭৫ জন সদস্য। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন সামরিক ইউনিটের সদস্যদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তিগত দক্ষতায় আরও পারদর্শী করে তোলা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হাজি মালি খান সিদ্দিক হাফিযাহুল্লাহ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাজি মালি খান সিদ্দিক হাফিযাহুল্লাহ নবীন স্নাতকদের উদ্দেশ্যে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শত্রুর মোকাবিলায় ইস্পাতসম দৃঢ় মনোবল ধারণ করতে হবে এবং নিজ নিজ পেশাগত দক্ষতায় সর্বোচ্চ উৎকর্ষ অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা, সঠিক যোগাযোগ ব্যবস্থা এবং দৃঢ় মনোবলের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে সামরিক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সার্বিক পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা সম্ভব হবে।
তথ্যসূত্র
1. 75 Defense Personnel Complete Advanced Telecommunications Training
– https://tinyurl.com/2npfpxmn


