
আফগানিস্তানে শিশুদের ঠোঁট ও তালুর জন্মগত ত্রুটির বিনামূল্যে অস্ত্রোপচার করতে বাংলাদেশ ইসলামিক সেন্টার নামক একটি সংস্থার একদল বিশেষজ্ঞ চিকিৎসক কাবুলে পৌঁছেছেন। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমে এসব শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা দেওয়া হবে।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক শাহাবুদ্দিন দিলাওয়ার বলেন, চিকিৎসা নিতে দূরবর্তী এলাকা থেকে বিপুলসংখ্যক রোগী এসেছেন। তাই কোনো রোগী যেন হতাশ হয়ে ফিরে না যান এবং প্রত্যেকেই যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়ে রেড ক্রিসেন্টের কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রতিনিধি মোহাম্মদ হামজা বলেন, আল্লাহর ইচ্ছায় এই অস্ত্রোপচার কার্যক্রম ততদিন চালিয়ে যেতে চান তারা, যতদিন না আফগানিস্তানের প্রতিটি শিশুর মুখে সুস্থ ও সুন্দর হাসি ফুটে ওঠে এবং তারা কোনো আঘাত বা জন্মগত ত্রুটি ছাড়াই স্বাভাবিকভাবে কথা বলতে পারে।
বাংলাদেশি চিকিৎসকরা জানান, ঠোঁট ও তালুর জন্মগত ত্রুটির অস্ত্রোপচারে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এ পর্যন্ত তারা যেসব অস্ত্রোপচার করেছেন, তার প্রায় ৯৫ শতাংশ সফল হয়েছে। বর্তমান কার্যক্রম শেষ হওয়ার পর আফগানিস্তানের প্রত্যন্ত এলাকাগুলোতেও এ ধরনের অস্ত্রোপচারসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
বাংলাদেশি আরেক চিকিৎসক তাসনিম বলেন, বাংলাদেশের অভিজ্ঞ প্লাস্টিক সার্জনদের অংশগ্রহণের কারণে কার্যক্রমটি সফলভাবে এগিয়ে চলছে। এই চিকিৎসক দল এর আগে ১৫টি দেশে এ ধরনের অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করেছেন এবং প্রতিবছর বিভিন্ন দেশে গিয়ে একই ধরনের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। আফগানিস্তানে এ দলটির এটি চতুর্থ সফর।
চিকিৎসার জন্য সন্তানদের নিয়ে আসা পরিবারগুলো বলছে, বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা পাওয়ায় তাদের সন্তানদের সুস্থ করে তোলার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। খোস্ত থেকে আসা এক শিশুর মা বলেন, সন্তানের শারীরিক অবস্থা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন ছিলেন। এখন বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় তারা কৃতজ্ঞ।
তথ্যসূত্র
1. Free Cleft Lip, Palate Surgery for 120 Children in Kabul
– https://tinyurl.com/bdfjd95k


