গাজায় বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

0
3

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। ভারী যন্ত্রপাতির সংকটে মূলত হাতের সাহায্যেই ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

৮ আগস্ট, শনিবার চার দিনের উদ্ধার অভিযান শেষে ‘কারাম’ নামে ওই ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকাজ তদারককারী মোহাম্মদ আবু দান জানান, গাজার পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে টানা চার দিন তল্লাশি চালানোর পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন বিশেষায়িত চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি স্থানে যাবে এবং সেখানে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার জানিয়েছেন, ভারী কংক্রিটের স্ল্যাব সরানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উদ্ধারকারীরা বর্তমানে সাধারণ ও অপ্রতুল সরঞ্জাম ব্যবহার করে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। এসব ধ্বংসস্তূপ ইসরায়েলি হামলার পর সৃষ্টি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পুরো ভূখণ্ডে এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।

গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত, ৪ হাজার ১২১ জন আহত এবং ৮০৪ জনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে জানানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট শহীদের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।


তথ্যসূত্র
1. Crews recover 19 bodies from rubble of destroyed Gaza building
– https://tinyurl.com/2dy9djdh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধপঞ্চগড় সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাবার পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা