নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী আরাকান আর্মি

0
3

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে নাফ নদীর মোহনা থেকে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি (এএ)। এ সময় নৌকা থেকে সাগরে ঝাঁপ দিয়ে এক ঘণ্টা সাঁতার কেটে ফিরে এসেছেন আরও দুই জেলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক জেলেরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৪০), মোহম্মদ ইসমাইল (৪৫) এবং হারুন (৩৭)। সাঁতরে পালিয়ে আসা দুজন হলেন- জালিয়াপাড়া এলাকার নুর আলি ও মো. শরীফ।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি সাংবাদিকদের বলেন, সকালে পাঁচ জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে আসার সময় মিয়ানমার সীমান্ত থেকে একটি স্পিডবোট তাদেরকে ধাওয়া করলে দুজনে সাগরে ঝাপ দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের ভূখণ্ড গোলারচরে আসে। বাকি তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগেও ওই এলাকা থেকে ২০-২৫ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান তিনি।

আরেক জেলে মো. শরীফ বলেন, ‘সাগর থেকে মাছ ধরে আসার সময় এক সঙ্গে ছয়-সাতটি নৌকাকে ধাওয়া করে আরাকান আর্মি। আমাদের নৌকাটি ছোট হওয়ায় স্পিডবোট নিয়ে ধাওয়া করে ধরে ফেলে।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে আরাকান আর্মি নাফ নদীর মোহনা থেকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।’


তথ্যসূত্র:
১। আরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন
– https://tinyurl.com/2m6m8ywa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু