
নরসিংদীর মনোহরদীতে বাড়ির ভেতরে ঢুকে আকাশ মিয়া (২৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পরিবারের সদস্যরা।
নিহত আকাশ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। আকাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
গণমাধ্যমের সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আকাশ৷ ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান। সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা। পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত্যু হয়।
পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে কুপিয়ে ফেলে গেছে। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তথ্যসূত্র:
১। মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/yvzxcfcc


