
রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌর জামতলা এলাকার নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ১নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং খালেক শেখের ছেলে।
নিহতের বাবা খালেক শেখ গণমাধ্যমকে জানান, তার ছেলে বারেক শেখ দুপুরে খাবার নিয়ে বাড়িতে এসে ঘরের ভেতর ফারুকের গলা ও হাত-পা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহতের ভাই বারেক শেখ জানান, তারা দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান পরিচানলা করেন। পালা করে একটানা চার দিন করে দোকানে দায়িত্ব পালন করেন। গতকাল তার দায়িত্ব শেষ হয়। শনিবার দুপুরে খাবার নিয়ে বাড়িতে এসে ঘরের ভেতর ভাইয়ের লাশ দেখতে পান। এ সময় তিনি ঘরে কাউকে দেখতে পাননি।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক শেখ একাধিক বিয়ে করেছিল। তার স্ত্রীদের কেউ বর্তমানে তার সঙ্গে থাকত না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তথ্যসূত্র:
১। গোয়ালন্দে নিজ ঘরে গলা ও দুই হাত কেটে যুবককে হত্যা
– https://tinyurl.com/5rj77je2


