
নানগারহারে মাদকাসক্তদের চিকিৎসাসেবায় বৃহৎ উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। মাদকাসক্তদের চিকিৎসার জন্য ১ হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে চালু করা হয়েছে। বিশেষায়িত এই হাসপাতালে নানগারহার, কুনার, লাঘমান ও নুরিস্তান প্রদেশের রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
নানগারহার পুলিশ কমান্ডের মুখপাত্র সৈয়দ তাইয়েব হামাদ জানিয়েছেন, নানগারহার, কুনার, লাঘমান ও নুরিস্তান প্রদেশের মাদকাসক্ত ব্যক্তিরা এই হাসপাতালে চিকিৎসা পাবেন। চিকিৎসা সম্পন্ন হওয়ার পর তারা সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরে যাবেন। তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া মাদকাসক্তি নিরাময়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং এই হাসপাতাল সেই ধারাবাহিকতারই অংশ।
নতুন হাসপাতাল চালু হওয়ায় নানগারহারের স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মাদকাসক্তদের চিকিৎসা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নানগারহারের বাসিন্দা সেফাতুল্লাহ চিকিৎসা শেষে মাদকাসক্তদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখার পাশাপাশি নতুন করে যাতে কেউ মাদক গ্রহণে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে নানগারহারে ১৫০ শয্যার একটি মাদকাসক্তি চিকিৎসা হাসপাতাল চালু ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, মাদকাসক্তদের চিকিৎসাসেবার ক্রমবর্ধমান প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ১ হাজার শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।
গত কয়েক বছরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান থেকে পপি চাষ নির্মূল এবং লক্ষাধিক মাদকাসক্তকে চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। মাদকাসক্তি নির্মূল ও জনগণকে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ আফগান সমাজকে মাদকের কালো থাবা থেকে মুক্ত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. 1,000-Bed Drug Treatment Hospital Opens in Nangarhar
– https://tinyurl.com/5xykfrpt


