
আফগানিস্তানের হেরাত ও কুন্দুজ প্রদেশে নিরাপদ খাবার পানি সরবরাহ, দূষিত পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়ক ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া। এসব প্রকল্পে সম্মিলিতভাবে ৩ কোটি ১০ লাখ আফগানির বেশি বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে হেরাতে নতুন পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণের পাশাপাশি সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকাজ শুরু হয়েছে। অন্যদিকে কুন্দুজে একটি পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়ে ইতোমধ্যে স্থানীয় পরিবারগুলো নিরাপদ খাবার পানি পেতে শুরু করেছে।
হেরাতের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, হেরাতের কোহসান জেলার আহমদাবাদ গ্রামে ২ কোটি ২৫ লাখ আফগানির বেশি ব্যয়ে একটি নতুন পানি সরবরাহ নেটওয়ার্কের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রকল্পটির আওতায় ১০০ মিটার গভীর একটি কূপ খনন, ১০০ ও ২০ ঘনমিটার ধারণক্ষমতার দুটি পানির আধার নির্মাণ, প্রায় ৪৪ কিলোমিটার পানির পাইপলাইন স্থাপন, ৭৪১টি পানির কল এবং ৯৬টি সোলার প্যানেল স্থাপন করা হবে।
কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের সময় স্থানীয় কয়েক ডজন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কাজ শেষ হলে আহমদাবাদ গ্রামের ১ হাজার ৬৭টি পরিবার নিরাপদ খাবার পানি পাবে।
একই সময়ে হেরাত শহরের চতুর্থ ও দ্বাদশ পৌর এলাকায় দুটি সড়ক পাকা করা এবং পানি নিষ্কাশন নালা নির্মাণ প্রকল্পের কাজও শুরু হয়েছে। হেরাত পৌরসভার উন্নয়ন বাজেট থেকে অর্থায়ন করা এসব প্রকল্পের সম্মিলিত ব্যয় ৮০ লাখ আফগানি।
স্থানীয় বাসিন্দারা প্রকল্পগুলোর কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, ক্ষতিগ্রস্ত সড়ক এবং বৃষ্টির পানি জমে থাকা দীর্ঘদিন ধরে তাদের অন্যতম প্রধান সমস্যা। প্রকল্পগুলো সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রার মান উন্নত হবে বলে তারা আশা করছেন।
এদিকে কুন্দুজের দাশত-ই-আরচি জেলার তোরখেল গ্রামে ৯৬ লাখ আফগানি ব্যয়ে নির্মিত একটি পানি সরবরাহ নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে এবং তা চালু করা হয়েছে। প্রাদেশিক গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
প্রকল্পটির আওতায় ১৪৮ মিটার গভীর একটি কূপ, ৪০ ঘনমিটার ধারণক্ষমতার একটি পানির আধার, ১৯৮টি পানির কল, ৪২টি সোলার প্যানেল এবং ১৫ দশমিক ৩ কিলোমিটার পানির পাইপলাইন স্থাপন করা হয়েছে। নির্মাণকাজ চলাকালে এ প্রকল্পেও কয়েক ডজন স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। প্রকল্পটি চালু হওয়ার পর তোরখেল গ্রামের ৩৯৪টি পরিবার এখন নিরাপদ পানীয় জলের সুবিধা পাচ্ছে।
তথ্যসূত্র
1. Development Projects Worth Over AFN 31 Million Launched, Completed in Herat and Kunduz
– https://tinyurl.com/yck3h6r4


