
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বরের বাড়ির উদ্দেশে ছুটছিল বরযাত্রীর একটি মাইক্রোবাস। হঠাৎ একদল যুবক মাইক্রোবাসটির গতিরোধ করে ভাঙচুর চালায়, একপর্যায়ে গাড়ি থেকে নতুন বউকে নামিয়ে নিয়ে যায়। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রোববার। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। নতুন বউকে নিয়ে মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওয়ানা হন বর ও বরযাত্রীরা। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক তাদের গাড়ির গতিরোধ করে।
এ সময় আনুমানিক ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা জোরপূর্বক তামান্না আক্তারকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে বরযাত্রীদের অনেকেই পরিস্থিতি বুঝে ওঠার সুযোগ পায়নি।
ঘটনার পর জানা যায়, অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদের সাথে তামান্নার প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়দের ভাষ্য, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল— ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’ পোস্টটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক তোলপাড় শুরু হয়।
অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
দলীয় সূত্র জানায়, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে সে ‘ডিউটি পাস’ পেয়েছিল।
তথ্যসূত্র:
১। নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস, ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’
– https://tinyurl.com/3jbbkc99


