
নিজের চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে অভিযুক্ত চোরকে পুলিশের হাতেনাতে তুলে দিয়েছিলেন দিল্লির এক মুসলিম অটোচালক। কিন্তু পুলিশ অভিযোগ নেওয়ার বদলে উল্টো অভিযোগকারী অটোচালককে বেধড়ক মারধর করেছে।
অভিযোগকারী অটোচালকের নাম সমীর। তিনি দিল্লির যাদব নগরের বাসিন্দা, জীবন পার্ক এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সমীরকে ঘটনার বিস্তারিত বলতে শোনা যায়। তিনি অভিযোগ করেন, তার অটোরিকশাটি চুরি হয়ে যায়, এরপর তিনি নিজেই অনেক চেষ্টা করে সন্দেহভাজন চোরকে খুঁজে বের করেন। উদ্ধার হওয়া অটোরিকশাটি সাথে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে তিনি থানায় নিয়ে যান। পুলিশের কাছে তার অভিযোগ ছিল, অটোরিকশাটি চুরি করা হয়েছে এবং তিনি অভিযুক্ত ব্যক্তিকে ধরে এনেছেন।
তিনি আশা করেছিলেন পুলিশ তার অভিযোগ নথিভুক্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু উল্টো অভিযোগকারী সমীরকে মারধর করতে আরম্ভ করে পুলিশ। এমনকি মারধরের দরুন তার একটি আঙুল ভেঙে গেছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “আমি পুলিশকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি কোনও অপরাধ করিনি। কিন্তু এই সময়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানানোই যেন অর্থহীন।”
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সমীরকে বলতে শোনা যায়, “আপনার কোনও সমস্যা বা অভিযোগ থাকলে পুলিশের কাছে যাবেন না। কারণ তারা একজন নির্দোষ মানুষকেও মারধর করবে।”
নিজের অসহায় অবস্থার কথা ভিডিওতে তুলে ধরে সমীর বলেন, “আমি পুলিশের হাতে মারধরের শিকার হয়েছি—এ কথা জানতে পারলে আমার মা খুব চিন্তিত হয়ে পড়বেন।”
কথাগুলো বলতে বলতে ভিডিওতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সমীরকে। তিনি আক্ষেপ করে বলেন, “পুলিশের কাছে না গেলেই হয়তো ভালো হতো। অন্তত আমি নিরাপদে থাকতাম।”
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yc62fmjh


