
আন্তর্জাতিক বাজারে আফগানিস্তানের পাইন বাদামের রপ্তানি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হচ্ছে। ইউরোপ, ভারত ও চীনের বাজারে পণ্যটির ক্রমবর্ধমান রপ্তানির ফলে চলতি সৌর বছরের প্রথম সাত মাসে এ খাত থেকে আয় দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ডলারে। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয়ে এই বৃদ্ধি আফগানিস্তানের কৃষিপণ্য রপ্তানির নতুন সম্ভাবনাকে তুলে ধরছে।
আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের (এসিসিআই) তথ্য বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান হাফিযাহুল্লাহ জানান, গত সৌর বছরের প্রথম সাত মাসে দেশটি থেকে ৪ কোটি ২০ লাখ ডলার মূল্যের পাইন বাদাম রপ্তানি হয়েছিল। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ৭ কোটি ২০ লাখ ডলারে পৌঁছেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে পাইন বাদাম রপ্তানি ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি জানান, আফগানিস্তানের পাইন বাদাম ইউরোপের বিভিন্ন দেশ, ভারত ও চীনে রপ্তানি করা হচ্ছে। এসব গন্তব্যের মধ্যে চীনেই সবচেয়ে বেশি পাইন বাদাম রপ্তানি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে আফগান পাইন বাদামের চাহিদা ও রপ্তানি কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ খাতের আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র :
1. Ehsanullah Ehsan, Head of Information at the Afghanistan Chamber of Commerce and Investment
– https://tinyurl.com/yuur5th5


