
কক্সবাজার-২ আসনের বিএনপির সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরে থাকা একটি গাড়ির চাপায় মুহাম্মদ খালেদ বিন ওয়ালিদ নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
দৈনিক ইত্তেফাক জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়ার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহর ছেলে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, কুতুবদিয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলমগীর ফরিদ ডজনখানেক গাড়ির বহর নিয়ে চকরিয়ার বদরখালী সড়ক হয়ে মহেশখালী ফিরছিল। পথিমধ্যে গাড়িবহরটি বদরখালীর আহমেদ কবিরের ঘাটা এলাকায় পৌঁছালে বহরে থাকা তৃতীয় গাড়ি শিশু ওয়ালিদকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওয়ালিদকে চাপা দেওয়া গাড়িটি ভাঙচুর করে, এসময় সংসদ সদস্য আলমগীর ফরিদকে তার সমর্থকেরা নিরাপদে সরিয়ে নেয়।
সন্ধ্যায় শিশুটির মায়ের আহাজারির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, হাসপাতালের বিছানায় নিথর পড়ে আছে মৃত ছোট্ট সন্তান। মা তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছেন। কখনো মুখে হাত বোলাচ্ছেন, কখনো গায়ে। বারবার ডেকে বলছেন, ‘উঠ বাবা…উঠ…।’
তথ্যসূত্র:
১। কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় এক শিশুর মৃত্যু
– https://tinyurl.com/326bpfd5


