
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিআরডিবি’র চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালামের বাড়ি নির্মাণকাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, অভিযোগ রয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালামের বাড়ি নির্মাণ কাজকে কেন্দ্র করে আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তথ্যসূত্র:
১। বাড়ি নির্মাণে কোটি টাকা চাঁদা দাবি সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/3hkn2akm


