ব্যাংকের কাছে বিদ্যুৎ কেন্দ্রের ঋণ দেড় লাখ কোটি টাকা

0
4

দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন এ খাতের উদ্যোক্তারা।

গণমাধ্যমের সূত্রে জানা যায়, সময়ের সঙ্গে সঙ্গে এ ঋণের পরিমাণ বেড়ে এখন প্রায় দেড় লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা খাতটিতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাংক ঋণের পরিমাণ বর্তমানে ১ লাখ ৪৯ হাজার ৩১১ কোটি ২৬ লাখ টাকা।

এদিকে দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে সরকারি-বেসরকারি উৎসের পাশাপাশি আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করতে হচ্ছে। ফলে বিদ্যুৎ কেনা বাবদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে বিপুল পরিমাণ বকেয়া জমেছে, যা এরই মধ্যে অর্ধলাখ কোটি টাকা ছাড়িয়েছে।

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর (আইপিপি) বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা। এ বকেয়ার মধ্যে সরকারি ও বেসরকারি কোম্পানির গ্যাস বিল বাবদ পেট্রোবাংলার কাছে পাওনা ১১ হাজার ৬৩৪ কোটি ৬ লাখ টাকা। ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ বকেয়া রয়েছে ৩ হাজার ৮৯১ কোটি ৫৫ লাখ টাকা।

গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ ১৭ হাজার ৩৫৭ কোটি ৬৮ লাখ টাকা বকেয়া। এছাড়া যৌথ উদ্যোগে নির্মিত ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য ও ক্যাপাসিটি চার্জ বাবদ ১৫ হাজার ৪৫২ কোটি ৯১ লাখ টাকা বকেয়া থাকার তথ্য দেয় মন্ত্রী। সরকারি কোম্পানির ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ কোটি ৩ লাখ টাকা এবং হুইলিং (বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ) চার্জ বাবদ বকেয়া ১৯৮ কোটি ৯৪ লাখ টাকা বলেও সংসদকে জানায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিন গতকাল (১৯ এপ্রিল) ঢাকা-১৮ আসনের বিএনপির সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের একই প্রশ্নের জবাবে মন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রের ব্যাংক ঋণ ও বকেয়ার এ তথ্য জানায়।

বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ খাতে বাড়তে থাকা ঋণ ও বকেয়া দেশের সামগ্রিক জ্বালানি অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। ভবিষ্যতে এ খাতের টেকসই উন্নয়নে যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


তথ্যসূত্র:
১। ব্যাংকের কাছে বিদ্যুৎ কেন্দ্রের ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
– https://tinyurl.com/9hds29ft

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজ স্বকীয়তা বজায় রেখেই বিশ্বের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার চালু: গণমাধ্যমের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার