
আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরে নগর উন্নয়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে ৫৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পৌরসভা, স্থানীয় ব্যবসায়ী সমাজ এবং বেসরকারি খাতের আর্থিক সহযোগিতায় এসব প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন চত্বর, ফুটপাত, সবুজায়ন এলাকা, জলফোয়ারা এবং অন্যান্য নগর অবকাঠামো উন্নয়ন কর্মসূচি। এসব উদ্যোগের লক্ষ্য হলো শহরের সৌন্দর্য বৃদ্ধি, যানবাহন চলাচল সহজ করা এবং নাগরিকদের জন্য আরও মানসম্মত নগর পরিবেশ গড়ে তোলা।
মাজার-ই-শরীফের মেয়র আব্দুর রহমান হেমত হাফিযাহুল্লাহ বলেন, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা শহরের বিভিন্ন স্থানে চত্বর, টাওয়ার, ফুটপাত ও জলফোয়ারা নির্মাণে অংশ নিচ্ছেন। তিনি জানান, এসব প্রকল্পে জনগণের সক্রিয় সহযোগিতা ইমারাতে ইসলামিয়ার প্রতি তাদের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন।
চলমান প্রকল্পগুলোর মধ্যে ফেরদৌসি স্কয়ারে নির্মিতব্য ৪০ মিটার উচ্চতার একটি টাওয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। ১২ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি বেসরকারি কোম্পানি এ টাওয়ার নির্মাণ করছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নকিবুল্লাহ আয়মাক জানান, এই প্রকল্পের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বহু নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেছেন, নগর পুনর্গঠন ও সৌন্দর্যায়নে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পরিচ্ছন্নতা রক্ষা, জনসম্পদ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরও মমাজার-ই-শরীফ পৌরসভার উন্নয়ন বাজেটের আওতায় বহু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। চলতি বছরে ১.২ বিলিয়ন আফগানি ব্যয়ে আরও ৩০টির বেশি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা শহরের অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Officials Say 55 Development Projects Ongoing in Mazar-e-Sharif
– https://tinyurl.com/37kaj6xs


