
মাদকমুক্ত আফগানিস্তান গড়ে তোলার লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার চলমান কার্যক্রমে গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা গ্রহণের পর ৪৫ হাজারেরও বেশি মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হয়ে নিজ নিজ পরিবারের কাছে ফিরে গেছেন। পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিও জোরদার করা হয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় মাদকাসক্তি চিকিৎসা কর্মসূচির প্রধান এক বিবৃতিতে জানান, গত এক বছরে ৪৫ হাজারের বেশি মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসার আওতায় এনে সফলভাবে পুনর্বাসন করা হয়েছে। তিনি বলেন, মাদকাসক্তি মোকাবিলা কেবল সরকারের একার দায়িত্ব নয়; বরং আন্তর্জাতিক সংস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
তিনি আরও জানান, পুনর্বাসিত ব্যক্তিদের সমাজে স্বনির্ভর হিসেবে প্রতিষ্ঠিত করতে একই সময়ে ৪ হাজারেরও বেশি সুস্থ হয়ে ওঠা ব্যক্তিকে বিভিন্ন কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় মাদকাসক্তি চিকিৎসা কর্মসূচির প্রধান আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মাদকবিরোধী কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে আরও সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা মাদক নির্মূলে চলমান প্রচেষ্টাকে আরও কার্যকর করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যসূত্র
1. Over 45,000 Addicts Treated, Rehabilitated Nationwide Last Year
– https://tinyurl.com/yvbj7mdu


