ইরান থেকে ২,৬৫০ আফগান কারাবন্দিকে স্বদেশে ফেরত এনেছে ইমারাতে ইসলামিয়া

0
7

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ধারাবাহিক কূটনৈতিক ও বিচারিক প্রচেষ্টার ফলে ইরানের বিভিন্ন কারাগারে আটক আফগান বন্দিদের ধাপে ধাপে স্বদেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি হস্তান্তর চুক্তির আওতায় এ পর্যন্ত মোট ২,৬৫০ আফগান বন্দিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কারা বিষয়ক প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্দি হস্তান্তর কমিটি গঠনের পর থেকে কাবুল ও তেহরানের মধ্যকার বিচারিক সহযোগিতার ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ নাসিম লালাহান্দ বলেন, কমিটি প্রতিষ্ঠার পর থেকে ইরানের বিভিন্ন কারাগারে সাজাপ্রাপ্ত প্রায় ২,৬৫০ আফগান নাগরিককে দেশে ফিরিয়ে এনে কারা বিষয়ক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইন বিশেষজ্ঞ রুহুল্লাহ সাখিজাদা মনে করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিচারিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিদেশের কারাগারে থাকা আরও আফগান বন্দিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, বিশেষ করে ইরানের সঙ্গে বিদ্যমান সমঝোতা বন্দিদের নিজ দেশে অবশিষ্ট সাজা ভোগের সুযোগ সৃষ্টি করেছে, যা মানবিক ও বিচারিক—উভয় দিক থেকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রাজনৈতিক বিশ্লেষক জাবের আকবারি বলেন, বন্দিদের স্বদেশে স্থানান্তরের ফলে তাদের মামলার কার্যক্রম আরও সহজ হবে এবং দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে স্বজনদের দেখতে না পারা পরিবারগুলোর দুর্ভোগ অনেকাংশে কমবে। তাঁর মতে, এই প্রক্রিয়া জোরদার হলে তা শুধু বন্দি ও তাদের পরিবারের জন্যই কল্যাণকর হবে না, বরং আফগানিস্তান ও ইরানের পারস্পরিক সম্পর্কও আরও সুদৃঢ় হবে।

কারা বিষয়ক প্রশাসন আরও জানিয়েছে, ইরানে আটক অবশিষ্ট আফগান বন্দিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এই কার্যক্রম দুই দেশের আইনগত ও বিচারিক সহযোগিতার কাঠামোর মধ্য দিয়েই এগিয়ে নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


‎তথ্যসূত্র
1. 2,650 Afghan Prisoners Transferred From Iran to Afghanistan in Recent Years
– https://tinyurl.com/2jcewj8k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চেয়ে ৪ বার চিঠি দিলো বাংলাদেশ, সাড়া দেয়নি ভারত
পরবর্তী নিবন্ধতাখার প্রদেশে ৫২ মিলিয়ন আফগানি ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া