
আফগানিস্তানের তাখার প্রদেশের চাহ আব জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণে ৫২ মিলিয়নেরও বেশি আফগানি ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রাদেশিক গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এসব প্রকল্প সম্পন্ন হলে হাজারো পরিবার সুপেয় পানির সুবিধা পাবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রকল্পগুলোর আওতায় দুটি সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। এ জন্য দুটি গভীর নলকূপ খনন, ৬২০টি পানির কল স্থাপন, ৬০টি সৌর প্যানেল সংযোজন এবং মোট ১৮ হাজার ৭২০ মিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হবে। এছাড়া, এই কর্মসূচির অংশ হিসেবে ৬ হাজার ১২০ মিটার দীর্ঘ একটি সেচ খালও নির্মাণ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পগুলোর নির্মাণকাজ চলাকালে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কাজ শেষ হলে প্রায় ৩ হাজার পরিবার নিরাপদ সুপেয় পানির সুবিধা লাভ করবে।
এছাড়া নির্মাণাধীন সেচ খালটি চালু হলে চাহ আব জেলার ২,৫০০ জেরিব (প্রায় ১,২৩৫ একর) কৃষিজমি সেচের আওতায় আসবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র
1. Development Projects Worth Over AFN 52 Million Launched in Takhar
– https://tinyurl.com/3w9v2yvd


