খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার

0
10

খুলনার দৌলতপুরে এনা পরিবহনের একটি কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় এক কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক আমার দেশ জানায়, রোববার (৫ জুলাই) মাগরিবের পর নগরীর নতুন রাস্তার মোড় এলাকায় এনা পরিবহনের দৌলতপুর কাউন্টারে এ ঘটনা ঘটে।

আহত ইমন (২০) দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা। তিনি বিএল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা শাহজাহান সাজু। স্বজনদের দাবি, ঘটনার দিন রাতেই তিনি এনা পরিবহনের ওই কাউন্টারে কর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের সময় কাউন্টারের অন্য কর্মীরা বাহিরে গেলে ইমন একাই দায়িত্বে ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে সহকর্মীরা তাকে কাউন্টারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাউন্টারের বাথরুমের ভেতরে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এনা পরিবহনের সংশ্লিষ্টদের দাবি, হামলার সময় কাউন্টারের ক্যাশবাক্স থেকেও টাকা চুরি হয়েছে।

হাসপাতালে উপস্থিত ইমনের মামাতো ভাই মিরাজ হোসেন সাংবাদিকদের বলেন, আজই সে চাকরিতে যোগ দিয়েছিল। কাউন্টারে থাকা একজন নামাজে গেলে পরে এসে দেখে ইমন নেই। খোঁজাখুঁজির পর বাথরুমের ভেতরে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।

ইমনের বাবা শাহজাহান সাজু বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমার ছেলে বিএল কলেজে অনার্সে ভর্তি হয়েছে। কয়েকদিন আগে ভর্তি কার্যক্রম শেষ করেছে। পাশাপাশি চাকরিতে যোগ দিয়েছিল। কে বা কারা তার এমন ক্ষতি করল, তা বুঝতে পারছি না।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ইমনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


তথ্যসূত্র:
১। এনা পরিবহনের কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার
– https://tinyurl.com/57dkpfef

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্লাংক চেক ও স্ট্যাম্পে সই নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ১৩ বছর বয়সী মাদরাসা ছাত্রীকে ফুসলিয়ে হোটেল এনে ধর্ষণ করা অবস্থায় আটক হিন্দু যুবক