
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ জেলায় গত সাত মাসে ৮৩ খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ডাকাতি ও ৩০২টি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এর কোনো কোনোটিতে জড়িত অপরাধীরা গ্রেপ্তার হলেও তথাকথিত আইনের (ঔপনিবেশিক ব্রিটিশদের তৈরি করা আইন) ফাঁকফোকরে বেরিয়ে এসে ফের অপরাধে জড়িয়ে পড়ে। এতে জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়াচ্ছে।
শহর কিংবা মহাসড়কে রাতে কোলাহল কমতে থাকলে সংঘবদ্ধ ছিনতাইকারীদের উৎপাত বাড়ে। সম্প্রতি ছিনতাইকারীদের নৃশংসতায় প্রাণ হারায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ছিনতাইকারীরা কখনো যাত্রীর ছদ্মবেশে, কখনো আবার চালকের ছদ্মবেশে অপরাধ সংঘটিত করছে।
পুলিশের গাড়িতে হামলা, বাড়ি থেকে কিশোরীকে অপহরণ কিংবা চোরাকারবারিদের ফুটেজ ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা এবং মাদকবিরোধী সমাবেশে স্কুল শিক্ষার্থীর ওপর গুলির ঘটনাও ঘটছে।
জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা সূত্রে দৈনিক আমার দেশ জানায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধ চিত্রে দেখা যায়— ডিসেম্বরে ৯, জানুয়ারিতে ১৪টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ১১টি, এপ্রিলে ১০টি, মে মাসে ১৭টি এবং জুনে ১০টিসহ মোট ৮৩ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটে ৯৭টি।
এছাড়া গত ছয় মাসে চুরির ঘটনা ঘটেছে ৩০২টি, ডাকাতি ৩৩ এবং অপহরণ ১৪টি। অপমৃত্যু হয়েছে ৩৪৮টি। এ সময় পুলিশ ৪৮টি অস্ত্র উদ্ধার করেছে।
এদিকে, কুমিল্লা নগরীতে কয়েক ডজন কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। সম্প্রতি তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলা পর্যায়ে। কিছুদিন পরপর বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ মহড়া দিলেও নামমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বয়স কম হওয়ায় আইনের ফাঁকফোকর দিয়ে কারাগার থেকে বেরিয়ে আবার সক্রিয় হয় কিশোর গ্যাংয়ের সদস্যরা ।
এছাড়া কুমিল্লা নগরীর কিশোর গ্যাং এবং অস্ত্রসহ আটক হওয়া অপরাধীদের সঙ্গে পুলিশের ওঠাবসার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে ।
নগরীর বাগিচাগাঁও এলাকার এক বাসিন্দা সাংবাদিকদের
বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে মাদক এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলেছে। কারা প্রশ্রয় দিচ্ছে এদের? খোঁজ নিয়ে দেখেন রাজনৈতিক নেতারাই আশ্রয়-প্রশ্রয়ে রেখেছেন মাদক কারবারি এবং কিশোর গ্যাং সদস্যদের।
তথ্যসূত্র:
১। কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাত মাসে ৮৩ খুন
– https://tinyurl.com/4wx9yjym


