
১৯ নভেম্বর, বৃহস্পতিবার গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা ও ট্যাংকের গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ দুজন আহত হয়েছেন। একই সময়ে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গাজা সিটির দক্ষিণ-পূর্বে সালাহ আল-দিন সড়কের কুয়েত গোলচত্বরের কাছে ইসরায়েলি ড্রোনের গুলিতে একজন ফিলিস্তিনি শহীদ হন। একই দিন পূর্ব গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে আরও একজন শহীদ হন। এ ছাড়া খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সসংলগ্ন একটি বিদ্যালয়ে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ দুজন আহত হয়েছেন। জেইতুন এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল লক্ষ্য করেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, উত্তর ইসরায়েলের আল-দাহি গ্রামের একটি মসজিদে ফজরের নামাজের আগে তিন মুখোশধারী উগ্র ইহুদী বসতি স্থাপনকারী অগ্নিসংযোগ করে। তারা মসজিদের নিচতলার জানালা ভেঙে দাহ্য পদার্থভর্তি বোতল নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়। এতে মসজিদের নিচতলার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মসজিদের দেয়ালে ‘প্রতিশোধ’সহ আরববিরোধী বর্ণবাদী স্লোগানও লিখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ইসরায়েলি পুলিশ ঘটনাটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতও তদন্তে যুক্ত হয়েছে।
এদিকে, গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ট্যাংক অভিযান চলাকালে প্রায় ছয় হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন। অভিযান শেষে অনেকে নিজেদের এলাকায় ফিরে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও রাস্তাঘাট দেখতে পান। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনা গাজার মানবিক সংকট কে আরও তীব্র করে তুলেছে।
তথ্যসূত্র :
1. Israeli colonists set fire to mosque in 1948-occupied territories, spray racist slogans
– https://tinyurl.com/794br2zs
2. Two Palestinians killed in Israeli attacks across Gaza
– https://tinyurl.com/5x9n6yeh


