পিরোজপুরে ফ্যামিলি কার্ড-ঘর-নলকূপের প্রলোভনে অর্ধকোটি টাকা প্রতারণা, আটক ৩

0
2

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় চক্রটির ৩ সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কাউখালীর চরবানিয়ারী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ছেলে রাব্বি মোল্লা (২০)।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে আস্থা অর্জন করে চক্রটি। একপর্যায়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপসহ সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসিন্দাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটির মূল হোতা হিসেবে পরিচিত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করে বলে পরিচয় দিত। সে অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখায়। এভাবে বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে সদস্যরা আত্মগোপনে চলে যায়। চক্রটির প্রধান সহযোগী হিসেবে পরিচিত ফাহিমা ঘটনার এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যায় বলেও জানান ভুক্তভোগীরা।

থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামাল সরবরাহের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন বলে জানা গেছে।

ঘটনা জানাজানি হলে রোববার রাতে ভুক্তভোগীরা কাউখালী থানায় যান। পরে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রোববার রাতে স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে সোমবার (২৩ নভেম্বর) আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:

১। ফ্যামিলি কার্ড-ঘর-নলকূপের প্রলোভনে অর্ধকোটি টাকা প্রতারণা, আটক ৩

– https://tinyurl.com/ykkzk2ah

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে অতর্কিত গুলিবর্ষণ করলো আওয়ামী জঙ্গি সন্ত্রাসীরা, গুলিবিদ্ধ ৫
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায় সন্ত্রাসী আ.লীগের চার পক্ষের সংঘর্ষ