
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ৬ হাজারের বেশি নামপরিচয়হীন কবর শনাক্ত করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এসব কবরে ভারতীয় বাহিনীর হাতে আটক ও গুমের শিকার হওয়ার পর নিহত ব্যক্তিদের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ৮ হাজারেরও বেশি নিখোঁজ ব্যক্তির বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি দখলদার ভারত সরকার।
জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার বাংগুস উপত্যকায় অবস্থিত এমনই একটি কবরস্থান রয়েছে, যা স্থানীয়ভাবে ‘মেহমান কবরস্থান’ নামে পরিচিত। অভিযোগ, দখলদার ভারতীয় বাহিনীর হাতে আটক ও জোরপূর্বক গুমের শিকার হওয়া হাজার হাজার মানুষকে পরবর্তী সময়ে হত্যা করা হয়েছে, পরে তাদেরকে এসব নামপরিচয়হীন কবরে দাফন করা হয়েছে। ভুক্তভোগীদের বিদেশি মুজাহিদিন হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া হয়েছে। এ উদ্দেশে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) কথিত বন্দুকযুদ্ধের সাজানো ঘটনা প্রচার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অতীতে ভারতীয় বাহিনীর হাতে নিহত স্থানীয় স্বাধীনতাকামী যোদ্ধা ও অন্যান্য কাশ্মীরির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হতো। পরিবারের সদস্যরা যথাযথভাবে তাদের দাফন সম্পন্ন করতেন। কিন্তু বর্তমানে দখলদার বাহিনীর হাতে নিহত কাশ্মীরিদের মরদেহ নিয়মিতভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না। এর পরিবর্তে দখলদার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দূরবর্তী কোনো কবরস্থানে তাদের দাফন করা হচ্ছে। এর ফলে স্বজনরা জানাজা ও শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
সম্প্রতি কুলগামে ভারতীয় বাহিনীর হাতে নিহত কাশ্মীরি স্বাধীনতাকর্মী লতিফ বাটকেও বাংগুস উপত্যকার একই ধরনের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, এসব কবরস্থানে হাজার হাজার মানুষের মরদেহ রয়েছে, যাদের পরিচয় এখনো অজানা। কাশ্মীরভিত্তিক মানবাধিকার সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটি (জেকেসিসিএস) এবং অ্যাসোসিয়েশন অব প্যারেন্টস অব ডিসঅ্যাপিয়ার্ড পারসনস (এপিডিপি) তাদের বিভিন্ন প্রতিবেদনে অধিকৃত ভূখণ্ডজুড়ে ৬ হাজারের বেশি নামপরিচয়হীন কবর শনাক্তের কথা জানিয়েছে।
সংগঠনগুলোর ধারণা, এসব কবরে এমন কাশ্মীরিদের মরদেহ রয়েছে, যারা জোরপূর্বক গুমের শিকার হওয়ার পর হেফাজতে হত্যা কিংবা সাজানো বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
এছাড়া অধিকৃত জম্মু-কাশ্মীরে নিখোঁজ ৮ হাজারেরও বেশি ব্যক্তির কোনো তথ্য প্রকাশ করেনি দখলদার ভারত সরকার। একই সঙ্গে এসব কবরে দাফন করা ব্যক্তিদের পরিচয় শনাক্তে কার্যকর কোনো পদক্ষেপও নেয়নি। বিষয়গুলোতে ভারত সরকারের ধারাবাহিক নীরবতা ও পদক্ষেপের অভাব কাশ্মীরিদের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3mcek833


