গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ করলো আওয়ামী সন্ত্রাসীরা

0
1

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে মহাসড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে পথচারী, রিকশা ও অটোরিকশার চালকেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তার কারণে মার্কেটের ব্যবসায়ী ও সড়কের পাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। একপর্যায়ে ব্যস্ত এলাকাটি অনেকটা জনশূন্য হয়ে পড়ে।

ইয়াকুব আলী সুপার মার্কেটের বিস্কুট ব্যবসায়ী সোহাগ মিয়া সাংবাদিকদের জানান, উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হয়। এর একটি অল্পের জন্য পাশের একটি দোকানের ভেতরে ঢোকেনি। বিস্ফোরণের পর আতঙ্কে মানুষ ছোটাছুটি করেন এবং ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে ইউএনওর সরকারি বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।

ইউএনও মো. নাহিদ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে জানায়, তার বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

একই রাতে উপজেলার প্রশাসনিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


তথ্যসূত্র:
১। গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/7nhpdmwy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের স্কুলে শুক্রবারে সাপ্তাহিক ছুটি নেই, এবার জুমার নামাজ পড়ার কারণে হিন্দুত্ববাদীদের হেনস্তার শিকার ৭ মুসলিম শিক্ষক