পাঠ্যবই ছাপায় পুরোনো সিন্ডিকেট, ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

0
0

ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকেই পুনরায় বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের কাজ দেয়ার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ উঠেছে দরপত্রে সমঝোতা, প্রতিযোগিতার অভাব এবং প্রাক্কলিত দর বাড়ানোর মাধ্যমে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোয় ২৫০ কোটি টাকার বেশি অতিরিক্ত ব্যয়ের। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পাঠ্যবই মুদ্রণে অনিয়ম ও পুরোনো সিন্ডিকেটের প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করে কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিল।

বৈঠকে গত ১৭ বছর ধরে মুদ্রণ খাতে প্রভাব বিস্তার করে আসা ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ না হওয়ার কারণ অনুসন্ধানের দাবি জানানো হয়। একই সঙ্গে পাঠ্যবইয়ের মান ও দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ দেয় সদস্যরা।

চার প্রতিষ্ঠানের হাতে ৪ কোটির বেশি বই ছাপার কাজ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্রের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার ১১৭টি মুদ্রণ প্রতিষ্ঠান পাঠ্যবই ছাপার কাজ পেয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বিপুলসংখ্যক বই মুদ্রণের কার্যাদেশ পেয়েছে।

অগ্রণী প্রিন্টিং প্রেস পেয়েছে ১ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৬৭১ কপি, কর্ণফুলী আর্ট প্রেস ১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ৩৬৯ কপি এবং কচুয়া প্রেস ৬৭ লাখ ৩৭ হাজার ১১৮ কপি বই ছাপার কাজ। এ ছাড়া আনন্দ প্রিন্টার্স লিমিটেড পেয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ২৩৯ কপি বই মুদ্রণের কার্যাদেশ।

সংসদীয় কমিটির বৈঠকে মুদ্রণ শিল্প সমিতির সভাপতি মো. রাব্বানি জব্বার ও সাধারণ সম্পাদক মো. কাউছার-উজ-জামান রুবেলের বিরুদ্ধে মুদ্রণ খাতে সিন্ডিকেট পরিচালনার অভিযোগ তোলে সদস্যরা।

রাব্বানি জব্বার সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই। অন্যদিকে কাউছার-উজ-জামান রুবেল জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যা মামলার আসামি এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা বলে বৈঠকে কয়েকজন সদস্য উল্লেখ করেছে।

অগ্রণী প্রিন্টিং প্রেসের মালিক রুবেলের ভাই হাসানুজ্জামান রবিন কর্ণফুলী আর্ট প্রেসের মালিক। আর কচুয়া প্রেসের মালিক হুমায়ুন কবির তাদের ভগ্নিপতি।

নিরীক্ষায় ২ হাজার ৭১১ কোটি টাকার আর্থিক অনিয়ম

শিক্ষা অডিট অধিদপ্তরের সর্বশেষ নিরীক্ষার তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পাঠ্যবই মুদ্রণসংক্রান্ত কার্যক্রমে এনসিটিবির ২ হাজার ৭১১ কোটি ২০ লাখ টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত হয়েছে।

এর মধ্যে উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্ষেত্রে ৮৯ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৬৯৭ টাকার আর্থিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া একক দরদাতার দরপত্র বাতিল না করে উচ্চমূল্যে কার্যাদেশ দেওয়ায় সরকারের ৬১ কোটি ৮ লাখ ৮২ হাজার ৪১৫ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে নিরীক্ষায় উল্লেখ করা হয়।

২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের ২২২টি লটের প্রতিটিতে মাত্র একজন করে ঠিকাদার অংশ নেয়। প্রাক্কলিত দরের চেয়ে বেশি মূল্য প্রস্তাব করলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ দেওয়া হয়।

২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপার দরপত্রেও একই ধরনের অভিযোগ উঠেছে। সাত শতাধিক দরপত্রের মধ্যে ৪৮৫টি বিশ্লেষণ করে দেখা গেছে, ২৩১টিতে মাত্র একজন করে দরদাতা অংশ নিয়েছে। কোথাও একই মালিকের একাধিক প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এসব কারণে এবার সরকারের ২৫০ কোটি টাকার বেশি অতিরিক্ত ব্যয় হচ্ছে বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুক্তি, বিকল্প প্রতিষ্ঠানের সক্ষমতা নেই

সংসদীয় কমিটির বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে মুদ্রণ খাতে প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠানগুলোর বাইরে মানসম্মত পাঠ্যবই ছাপানোর মতো সক্ষম প্রতিষ্ঠান নেই বলে মন্ত্রণালয় মনে করছে।

এ কারণে নির্ধারিত সময়ে বই ছাপা ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ক্রয়সংক্রান্ত প্রস্তাবও দ্রুত অনুমোদন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের দাবি

সংসদীয় কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ পাঠ্যবই মুদ্রণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

কমিটির আরেক সদস্য মো. জাহান্দার আলী মিয়া কার্যাদেশ দেওয়ার সঙ্গে এনসিটিবিতে কারা জড়িত, তা অনুসন্ধানে জরুরি ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের দাবি জানায়। আইনি বাধা না থাকলে সংশ্লিষ্ট দরপত্র কার্যক্রম বাতিল বা স্থগিতের বিষয়টি বিবেচনারও অনুরোধ করা হয়।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা গণমাধ্যমে জানায়, পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণে রয়েছে। কোনো অনিয়মের অভিযোগ উঠলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। পাঠ্যবই ছাপায় পুরোনো সিন্ডিকেট, ২৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ
– https://tinyurl.com/3k22pmwp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বদলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার জন্মদিন উদযাপন!
পরবর্তী নিবন্ধপোলট্রি খামারে ব্যবহার হচ্ছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, ঝুঁকিতে জনস্বাস্থ্য, সরকারের কোনো তদারকি নেই