
অধিকৃত পশ্চিম তীরে গত ২১ আগস্ট শুক্রবার ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চালানো সর্বশেষ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।
ইসরায়েলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ সেনাবাহিনী হিসেবে উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, ‘সবচেয়ে নিকৃষ্টতম’ সেনাবাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। আর ক্ষমতাসীন ব্যক্তিরা, ইতিহাসের অনেক ঘটনার মতোই, ভুক্তভোগীদের স্বার্থ দেখতে বা তাদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে অস্বীকার করছে।’
তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পরেও ওই যুদ্ধের পর গড়ে ওঠা মানবাধিকারের যুগে এমন ঘটনা আরো বেশি ঘৃণ্য।
আলবানিজের ওই পোস্টের সঙ্গে আরেকটি পোস্টের ছবি যুক্ত ছিল। সেখানে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি এক ব্যক্তির নিহত হওয়ার বিষয়ে মন্তব্য করা হয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম ফাতহি খাজেম। শুক্রবার জেনিনে নিজ বাড়িতে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন। এ সময় তাকে গুলি করা হয়।
ওয়াফা জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ফাতহি খাজেমকে উদ্ধারে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যেতে চেয়েছিল। তবে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্সটিকে সেখানে যেতে বাধা দেয়। মূলত তাকে রক্তক্ষরণে মারা যাওয়ার জন্য রেখে দেওয়া হয়।
এরপর ইসরায়েলি সেনারা তার লাশ নিয়ে যায় বলে ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে।
ফাতহি খাজেমের মৃত্যুর ঘটনাসহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন। তিনি এসব ঘটনাকে ফিলিস্তিনিদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর গুরুতর আঘাত হিসেবে তুলে ধরেছেন।
তথ্যসূত্র
1. Israeli army, settlers kill 2 Palestinians in separate West Bank incidents
– https://tinyurl.com/mr42erry


