গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্টস বন্ধ, রপ্তানি অর্ডার যাচ্ছে প্রতিবেশী দেশে

0
2

দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ইউরোপের ক্রেতারা রপ্তানি অর্ডার প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিকেএমইএ কার্যালয়ে গ্যাস সংকট ও এর প্রভাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, ‘গ্যাস সংকটের প্রভাবে সারা বাংলাদেশে তিন শতাধিক গার্মেন্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রপ্তানি আদেশ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। নতুন করে রপ্তানি আদেশ আসবে কি না, সেটা নিয়েও আমরা শঙ্কার মধ্যে আছি। কোনোভাবেই উৎপাদন চালু রাখতে পারছি না। এই সংকট থেকে উত্তরণের পথ নিয়ে সরকারের কাছ থেকেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাচ্ছি না।’

মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘সরকারের উচিত অন্তত প্রতি সপ্তাহে একবার আমাদের ব্রিফিং করা। এরই মধ্যে আমাদের ৪০ থেকে ৫০ শতাংশ রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমাদের সরাসরি ক্ষতি। আর পরোক্ষ ক্ষতি হচ্ছে, বায়াররা (ক্রেতারা) পার্শ্ববর্তী দেশগুলোতে অর্ডার নিয়ে যাচ্ছে।’

গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিকেএমইএ সভাপতি বলেন, এক মাস ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট চলছে। এ সময়ে অনেক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন কিছুটা গ্যাস পাওয়া গেলেও বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফলে কারখানাগুলোতে উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘ইউরোপের বড় একটি অর্ডার বাতিল করে পার্শ্ববর্তী দেশে নিয়ে যেতে চাইছে। আমরা সামনের দিনগুলোতে রপ্তানি আদেশ ধরে রাখতে পারব কি না, সেটা নিয়েও শঙ্কিত। গ্যাস সংকটের কারণে বেশ কিছু রপ্তানি আদেশ ইতোমধ্যে চলে গেছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সরকারকে অনুরোধ করব, এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে।’


তথ্যসূত্র:
১। গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট বন্ধ, রপ্তানি আদেশ যাচ্ছে প্রতিবেশী দেশে
– https://tinyurl.com/5b5re838

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে চোখ-মুখ বাধা নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ শিরকি সঙ্গীত গাইতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী