
আফগানিস্তানের দুর্গম ও সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে মোবাইল ও টেলিযোগাযোগসেবা পৌঁছে দিতে ৫২টি টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। এ লক্ষ্যে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ৪২ কোটি ২০ লাখ আফগানির বেশি ব্যয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আমীরুল মু’মিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর নির্দেশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আব্দুল আহাদ ফাজলি হাফিযাহুল্লাহ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন আফগান টেলিকমের প্রধান আলী আহমাদ সামান্দ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় আফগানিস্তানের বাদাখশান, কুনার, নানগারহার, নুরিস্তান, পাকতিয়া ও খোস্ত প্রদেশের সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় ৫২টি টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণ করা হবে। এসব টাওয়ার স্থাপনের মাধ্যমে বর্তমানে দুর্বল বা অনুপস্থিত মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য মোবাইল ফোন ও অন্যান্য টেলিযোগাযোগসেবা সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মৌলভী আব্দুল আহাদ ফাজলি হাফিযাহুল্লাহ বলেন, দেশের দুর্গম বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে টেলিযোগাযোগের আওতা বাড়ানো এবং সেখানকার মানুষের যোগাযোগসংক্রান্ত সমস্যা সমাধান করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে টেলিযোগাযোগসেবা সম্প্রসারণে প্রয়োজনীয়, কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে।
আফগান টেলিকমের প্রধান আলী আহমাদ সামান্দ বলেন, প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে প্রস্তুত। তিনি জানান, সীমান্ত ও দুর্গম এলাকার মানুষের কাছে টেলিযোগাযোগসেবা পৌঁছে দেওয়া এবং এসব অঞ্চলের নেটওয়ার্ক সম্প্রসারণ আফগান টেলিকমের অন্যতম প্রধান অগ্রাধিকার।
এর আগে আমীরুল মু’মিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর আরেকটি নির্দেশের পরিপ্রেক্ষিতে কান্দাহার, হেলমান্দ, পাকতিকা ও জাবুল প্রদেশের ১৩টি সীমান্তবর্তী এলাকায় ৩১টি টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল।
নতুন প্রকল্পের মাধ্যমে ছয়টি প্রদেশের আরও বিস্তীর্ণ দুর্গম ও সীমান্তবর্তী জনপদ টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে। এর ফলে এসব এলাকার সাধারণ মানুষ মোবাইল ফোনে যোগাযোগসহ প্রয়োজনীয় টেলিযোগাযোগসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Contract Signed to Build 52 Telecommunication Towers in Six Provinces
– https://tinyurl.com/2zhrckhz


