
ইসলামি অভিবাদন ব্যবহারের অভিযোগে পশ্চিমবঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তা বুশরা বানুকে বদলি করা হয়েছে বলে বিতর্ক ওঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বুশরা সিভিল সার্ভিসে আসার পথে তার সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন। ভিডিওর শুরুতে তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে অভিবাদন জানান, বক্তব্যের মধ্যে ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহার করেন এবং শেষে ‘জাযাকাল্লাহ’ বলে বিদায় নেন।
কিন্তু এসকল ইসলামি শব্দ ব্যবহারের বিরুদ্ধে আপত্তি জানায় হিন্দু লিগ্যাল ফান্ড নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। সংগঠনটির দাবি, ভারতীয় রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী একজন সরকারি কর্মকর্তা জনসমক্ষে ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মতো অভিব্যক্তি ব্যবহার করা উচিত। এ বিষয়ে তারা বুশরার বিরুদ্ধে সরকারি তদন্তের দাবি জানায়। এছাড়া পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের কাছে ব্যাপারটি নিয়ে অভিযোগও দায়ের করা হয়।
অভিযোগের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজ্য সরকার তার বদলির আদেশ জারি করে। এই বদলিকে রুটিন পদক্ষেপের অন্তর্ভুক্ত বলে দাবি করা হলেও সমালোচকদের মতে, মুসলিম পরিচয়ের কারণে বুশরা বানু উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটে পরিণত হয়েছেন।
উল্লেখ্য, বুশরা বানু পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বদলির পর তাকে স্টেট আর্মড পুলিশ (এসএপি) ৪র্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yphwvnfp
2. https://tinyurl.com/2p9ww2u7


