
ভারতে হরিয়ানা রাজ্যের কারনাল জেলায় উগ্র হিন্দুত্ববাদী সমর্থক কর্তৃক জম্মু-কাশ্মীরের নিবন্ধিত একটি যাত্রীবাহী বাসে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে কাশ্মীরের এক বৃদ্ধ যাত্রী আহত হয়েছেন। বাসের অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে নিলোখেরি এলাকার ডিভাইন স্টার ধাবার কাছে এ ঘটনা ঘটে। দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগর যাওয়ার পথে বাসটি সেখানে থেমেছিল। বাসচালক ও যাত্রীদের দাবি, গাড়ি পার্কিং এবং অন্য গাড়িকে চলাচলের জায়গা দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। পরে তা গালিগালাজ, হুমকি ও বাসে হামলার ঘটনা পর্যন্ত গড়ায়।
বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। হামলায় বাসের জানালার কাচ ভেঙে যায়। কাচের টুকরা বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে এক বৃদ্ধ যাত্রীসহ কয়েকজন আহত হন। আহত বৃদ্ধের মুখে আঘাত লেগেছিল।
বাসচালক ওয়াকার চৌধুরীর অভিযোগ, ধাবার কাছে বাস পার্কিং করায় কয়েকজন উগ্রপন্থী ব্যক্তি আপত্তি জানান। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ শুরু হয়।
চৌধুরী বলেন, ওই ব্যক্তিরা তাকে গালিগালাজ করেছিল। মুসলিম পরিচয়ের কারণে তাকে ‘সন্ত্রাসী’ বলেও অপবাদ দেওয়া হয়। জম্মু-কাশ্মীরের নিবন্ধিত বাস এই পথে চলতে দেওয়া হবে না বলেও তারা হুমকি দেয়।
চালক ও যাত্রীদের অভিযোগ, পরে চার থেকে পাঁচজন উগ্রবাদী বাসটিকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। এতে বাসের জানালা ও পেছনের বাতি ক্ষতিগ্রস্ত হয়।
যাত্রীরা ঘটনাটিকে আতঙ্কজনক বলে বর্ণনা করেছেন। তারা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কারনালের বাসিন্দা মোহিত ও সাওয়ান নামে দুই ব্যক্তিকে আটক করেছে হরিয়ানা পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একটি গাড়িও জব্দ করা হয়েছে।
অনেকে ঘটনাটিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীরের প্রতি বিদ্বেষমূলক ঘটনা বলে অভিযোগ করেছেন। তাদের মতে, কাশ্মীরিদের প্রতি ঘৃণায় উন্মত্ত উগ্র হিন্দুরাই সাধারণ মুসলিমদের ওপর এমন সহিংসতা চালিয়েছেন।”
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y2bkn3n3


