ছয় মাসের স্পেশাল কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন করলেন আরও এক হাজার আফগান সেনা

0
6

আফগানিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংগঠিত করার ধারাবাহিকতায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর আরও এক হাজার তরুণ সেনা সদস্যের বিশেষ কমান্ডো প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ছয় মাসব্যাপী পেশাগত, ধর্মীয় ও বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁরা অষ্টম প্রশিক্ষণ কোর্স থেকে স্নাতক হন। ১১ নভেম্বর, বুধবার আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন দূতাবাসের সামরিক অ্যাটাশে, বিশেষ প্রতিনিধি এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ছয় মাসের এই প্রশিক্ষণে পেশাগত সামরিক শিক্ষা, আদর্শিক শিক্ষা এবং বিশেষ কমান্ডো কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এক হাজার তরুণ কমান্ডো আনুষ্ঠানিকভাবে স্নাতক সম্পন্ন করেন।

অনুষ্ঠানে কমান্ডোদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে একটি ঐক্যবদ্ধ কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত রয়েছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে কোনো গোষ্ঠীকে সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নতুন প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ বাহিনীর সদস্যরা পূর্ণ সাহসিকতা ও বিচক্ষণতার সঙ্গে দেশের মানুষের জীবন, সম্পদ এবং ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবেন। বিদেশি দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, আফগানিস্তান বর্তমানে নিরাপদ এবং দেশটির ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করতে কাউকে সুযোগ দেওয়া হবে না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর আফগানিস্তানে একটি সুসংগঠিত সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গড়ে উঠেছে। তিনি নবীন কমান্ডোদের উদ্দেশে বলেন, তাঁরা কোনো আনুষ্ঠানিক বাহিনী নন এবং অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার জন্যও তাঁদের গড়ে তোলা হয়নি; বরং দেশের স্বাধীনতা ও ভূখণ্ডের নিরাপত্তা রক্ষাই তাঁদের দায়িত্ব।

তিনি আরও বলেন, সামরিক সরঞ্জাম ও বস্তুগত সক্ষমতার দিক থেকে সীমাবদ্ধতা থাকলেও মনোবল ও আত্মিক শক্তির দিক থেকে বাহিনীর সদস্যদের দৃঢ় থাকতে হবে। সামরিক বিষয়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত পরিহার করে পরিস্থিতি অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার উপরও তিনি গুরুত্বারোপ করেন। তাঁর ভাষায়, আফগানিস্তানের বাহিনী অন্য কোনো দেশের জন্য হুমকি নয়; বরং নিজ ভূখণ্ডের রক্ষক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবস্নাতক কমান্ডোদের সামরিক সক্ষমতা প্রদর্শনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানবাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা বিভিন্ন ধরনের চালকবিহীন আকাশযান বা ড্রোন ব্যবহার করে সমন্বিত সামরিক মহড়া ও ব্যবহারিক অনুশীলন প্রদর্শন করেন। এর মাধ্যমে বিশেষ বাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রমের সক্ষমতাও তুলে ধরা হয়।

ছয় মাসের বিশেষায়িত প্রশিক্ষণ শেষে একসঙ্গে এক হাজার কমান্ডোর স্নাতক সম্পন্ন হওয়া ইমারাতে ইসলামিয়ার সামরিক প্রশিক্ষণ ও বাহিনী গঠনের চলমান কার্যক্রমের একটি উল্লেখযোগ্য সংযোজন। বিশেষ করে পেশাগত সামরিক শিক্ষা, ধর্মীয় প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সামরিক অনুশীলনের সমন্বয় বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Defense Minister, Cabinet Members, Foreign Embassies Military Attachés Attend Special Forces Commandos’ Graduation Ceremony
– https://tinyurl.com/4psfyr5n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের ছয় রাজ্যে ৩ মাসে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় বাহিনীর হাতে অন্তত আরও ৮ মুসলিম নিহত, ২০২৬ সালে নিহতের সংখ্যা বেড়ে ২৭
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের বক্তব্য উপেক্ষা করে সন্ত্রাসী ইসরায়েলের পক্ষ নিচ্ছে বিবিসি, অনুসন্ধানে প্রমাণিত