চলতি বছরে আফগানিস্তানে জাফরান উৎপাদন ৭০ টনে পৌঁছানোর সম্ভাবনা, বাড়বে রপ্তানি ও কর্মসংস্থান

0
1

আন্তর্জাতিক বাজারে উচ্চমানের জাফরানের জন্য পরিচিতি অর্জনের পাশাপাশি উৎপাদন সম্প্রসারণেও এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। চলতি ২০২৬ সালে দেশটিতে ৫০ থেকে ৭০ টন জাফরান উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। চাষের জমি সম্প্রসারণ, অনুকূল আবহাওয়া ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে মূল্যবান এ কৃষিপণ্যের উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে কৃষকদের আয়, রপ্তানি ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে আফগানিস্তানের প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে জাফরান চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ১২ হাজার হেক্টরই পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে অবস্থিত। অর্থাৎ দেশের মোট জাফরান চাষের প্রায় ৮৬ শতাংশ এ প্রদেশে কেন্দ্রীভূত। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

উৎপাদনের পাশাপাশি জাফরান রপ্তানিতেও অগ্রগতি অর্জন করেছে দেশটি। হেরাত প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ৩১ টনের বেশি জাফরান রপ্তানি করে ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে আফগানিস্তান। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি জাফরানের দাম প্রায় এক লাখ আফগানি। যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, সুইডেন, ডেনমার্ক ও ভারতসহ ২০টির বেশি দেশে আফগান জাফরান রপ্তানি হচ্ছে। গুণগত মান ও স্বতন্ত্র সুগন্ধির কারণে দেশটির জাফরান আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ পরিচিতি পেয়েছে।

এ খাতের অন্যতম সম্ভাবনাময় দিক হলো কর্মসংস্থান সৃষ্টি। জাফরান ফুল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপে শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। হেরাতের একটি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে ১৫ জন স্থায়ী কর্মীর পাশাপাশি উৎপাদন মৌসুমে প্রায় ৪০০ নারী অস্থায়ীভাবে কাজের সুযোগ পান। ফলে জাফরান চাষের সম্প্রসারণ গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টদের মতে, উন্নত চাষপদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিক বাজারে বিপণনব্যবস্থা আরও সম্প্রসারণ করা গেলে এ খাতের সম্ভাবনা বহুগুণ বাড়বে। চলতি বছর প্রত্যাশিত উৎপাদন অর্জিত হলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনে আফগানিস্তানের সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1. سږ کال به د هېواد له ۱۴ زره هکټاره ځمکو، ۷۰ ټنه زعفران راټول شي

– https://tinyurl.com/2k34v6m2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিল সন্ত্রাসী আ.লীগ
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ শতাধিক লগি-বৈঠাসহ আটক ১