২০২৬ সালে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনীতিতে ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

0
2

দীর্ঘ কয়েক দশকের যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। আন্তর্জাতিক সহায়তা ব্যাপকভাবে সংকুচিত হওয়া এবং যুক্তরাষ্ট্র‌ কর্তৃক দেশটির বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ অবৈধভাবে আটকে থাকার মতো প্রতিকূল পরিস্থিতিতেও অর্থনীতিকে পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ইমারাতে ইসলামিয়া। সাম্প্রতিক এই অর্থনৈতিক গতিশীলতার প্রেক্ষাপটে ২০২৬ সালে আফগানিস্তানের অর্থনীতিতে ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটির ১৮ নভেম্বর প্রকাশিত সর্বশেষ ‘আফগানিস্তান ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ইমারাতে ইসলামিয়ার গত কয়েক বছরের শাসনামলে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, খনিজ সম্পদ উত্তোলন বৃদ্ধি, নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে নেওয়া নানা উদ্যোগ দেশটির অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করছে।

পাশাপাশি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সক্রিয় কূটনৈতিক তৎপরতা আফগানিস্তানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, আফগানিস্তানের এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে এবং তা ২০২৭ সালে ৩ দশমিক ৩ শতাংশ ও ২০২৮ সালে ৩ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে।

দীর্ঘ সংঘাতের পর সীমিত সম্পদ ও প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও অর্থনীতিকে স্থিতিশীল করে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাবুলের এই অগ্রগতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কৃষি, শিল্প, খনিজ, জ্বালানি ও বাণিজ্য খাতে চলমান উদ্যোগগুলো অব্যাহত থাকলে উৎপাদন সক্ষমতা আরও বাড়বে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1. Strong Harvest Lifts Afghanistan’s Economy, but Falling Incomes and Water Shortages Strain Families
– https://tinyurl.com/5bfkmyt9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাঁচপুরে যাত্রীবেশে বাসে উঠে আওয়ামী সন্ত্রাসীদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা