কথিত লকডাউনে দেশের ২০ জেলায় আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতা

0
1

নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। থানায় আগুন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, বিএনপি নেতা ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২০ জেলায় রামদা, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান ও তার কয়েকজন সমর্থকের বাড়িতে। গোপালগঞ্জ ছাড়াও চট্টগ্রাম, বাগেরহাট, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, খাগড়াছড়ি, জয়পুরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।

বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে পেট্রোলবোমা। ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে রাজধানীর কয়েকটি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলায় ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাদের তাণ্ডব। এ সময় পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫ গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পুরো থানা ও আশপাশের এলাকা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পুলিশ পাহারা থাকা অবস্থাতেই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরে যায়।

যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ কোর্টের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড় নামানোর অপেক্ষায় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। তিনি সাংবাদিকদের জানান, কিছুক্ষণ আগেই একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।

বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল ব্যাহত করারও চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

একই রাতে বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এদিকে কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে পেট্রোলবোমা হামলা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘যাতায়াত পরিবহন’ বাসে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদরের ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভবনের জানালা ভেঙে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পাবনার ঈশ্বরদীতে রেললাইনে অগ্নিসংযোগ করে ট্রেন চলাচল বন্ধের চেষ্টা করা হয়েছে। বুধবার রাতে পাকশী ইউনিয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই রুটে কোনো ট্রেন চলাচল না করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

জয়পুরহাটের কালাই পৌরসভার সরাইল এলাকার একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। আগুন দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া।

যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জে কেয়াবাগান এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেয় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক উপসম্পাদক রিমন হাসান হৃদয়।

খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা তিন শতাধিক বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৈঠা তৈরির কারিগর জসিম মিয়াকে আটক করেছে। বুধবার রাতে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ধুলদিয়া নতুন বাজারে অভিযান চালিয়ে এসব বৈঠা উদ্ধার করা হয়।

গতকাল ভোরে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা মীর এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

একই রাতে ফুলবাড়িয়ার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

এর আগে বুধবার রাতে গৌরীপুরের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেয় দৃর্বুত্তরা। ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

অন্যদিকে, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বুধবার মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সাভার বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময়ে আওয়ামী হকার্স লীগকর্মীকে আটক করেছে জনতা। রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা।

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশেই এ ঘটনা ঘটে। একই সময় গোড়াই ফ্লাইওভার এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় এবি পার্টির কার্যালয়ের সামনে এই আগুন দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনের বাড়িসহ ২৩ বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ৫০-৬০ যুবক রামদা, ছুরি, হকিস্টিক, পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসব হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এছাড়া বুধবার রাতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আ.লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।


তথ্যসূত্র:
১। কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস
– https://tinyurl.com/3x4r9ba7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় কি আফগানিস্তান পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?